ফের ডিজিটাল মিডিয়ায় উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
ফের ঘরে বসেই ডিজিটাল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শবেবরাত ও নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়ছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। দেশের করোনা পরিস্থিতি ও এর অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় কর্মপরিকল্পনা নিয়ে রোববার (০৫ এপ্রিল) গণভবনে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
এসময় সৃষ্ট অর্থনৈতিক মন্দাবস্থা মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
পাঁচটি প্যাকেজের আওতায় ঘোষিত এই প্যাকেজ জিডিপির ২ দশমিক ৫ শতাংশ।
সবাইকে পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সম্ভাব্য এ বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক সঙ্কট হতে উত্তরণের জন্য রপ্তানি খাতের পাশাপাশি দেশীয় পণ্যের প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে।”
প্রণোদনা প্যাকেজ ঘোষণা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আগামী ১৪ এপ্রিল আমাদের বাংলা নববর্ষ শুরু। এই নববর্ষ সকলে ঘরে বসে উদযাপন করেন। নিজের মতো করে অথবা মিডিয়ার মাধ্যমে আপনারা উদযাপন করতে পারেন। যেভাবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সব মিডিয়ার মাধ্যমেই হবে। সেটা সোশ্যাল মিডিয়াও হতে পারে। তাছাড়া আমাদের শবে বরাত সামনে। সেসময় আমি বলবো ঘরে বসে বসে আল্লাহ রাব্বুল আলআমিনের কাছে দোআ করুন, যেন আমাদের বরাতটা আল্লাহ ভালো রাখেন।”